
অনলাইন ডেস্ক: মুক্তিযুদ্ধকে আমরা মনে-প্রাণে ধারণ করি। মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে যদি কোনো দল বা ব্যক্তি মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে দেশে আরেকটি গণঅভ্যুত্থান হবে। কিন্তু কোনোভাবেই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে অসম্মান করতে দেওয়া হবে না, প্রয়োজনে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।
আজ বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। তিনি স্বাধীনতার ঘোষকের সন্তান, আমরা এতে গর্ববোধ করি।”
বিগত সরকারের সমালোচনা এবং জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, আজ যারা ১৯৭১-কে মুছে ফেলতে চায়, তারা লক্ষ্য করলে দেখতে পাবে—বিগত ১৭ বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। তারা দেশে দেদারসে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন আবার আরেকটি দল ২০২৪ সালের জনগণের রক্তাক্ত গণঅভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ বোকা নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমরা সব সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে এবং এরপর বারবার এ দেশকে রক্তাক্ত করে বহু আন্দোলন হয়েছে। আরও আন্দোলনের দরকার হলে এ দেশের মানুষ তা করবে। কিন্তু কেউ যদি ১৯৭১ সাল ও মহান মুক্তিযুদ্ধকে খাটো করে দেখে, আর শহিদ জিয়ার আদর্শের সৈনিকেরা তা চেয়ে চেয়ে দেখবে—সেটা কোনোদিনই হবে না।