
ওয়াফিক শিপলু: বগুড়া শহরের দীর্ঘদিনের যানজট নিরসন, নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে শহরকে বাইপাস করে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের রাণীরহাট জংশন থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করা হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের প্রাথমিক কাজ শুরু করেছে।
বর্তমানে কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত রেলপথটি শহরের ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে গেছে। এই পথে সাতটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং থাকায় ট্রেন চলাচলের সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কাহালু-রাণীরহাট-গাবতলী রুটে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। একই সঙ্গে শহরের ভেতরের পুরোনো রেলপথ অপসারণ করে সেখানে গাবতলী-বগুড়া-কাহালু পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের চিন্তাভাবনা রয়েছে। এছাড়া বর্তমান বগুড়া রেলস্টেশন সংস্কার করে দূরপাল্লার বাস টার্মিনাল হিসেবে ব্যবহারের পরিকল্পনাও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া শহর রেলক্রসিংজনিত যানজট থেকে মুক্তি পাবে, রেল যোগাযোগ হবে আরও নিরাপদ ও গতিশীল এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সচেতন নাগরিকদের মতে, এটি বাস্তবায়িত হলে বগুড়ার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।
এআইএল/সকালবেলা