
আহমেদ, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
আজ বুধবার (৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, আজ বুধবার ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান, এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এএসআই মাহবুব হাসান, এএসআই জসীম উদ্দিন, এএসআই রমজান আলী মৃধা, এএসআই আব্দুর রহিম, এএসআই শাহ আলম ও এএসআই মো. ডালিম মিয়াসহ পুলিশের একটি চৌকস ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বাররা (পূর্বপাড়া) এলাকার মো. রাজিব জমাদ্দার (২৪), আদমপুর এলাকার রেহানা বেগম (৩৮) ও মো. মুন্নু মুন্সি (৪২), পশ্চিম সদরদী (খালপাড়) এলাকার মো. ইউসুফ মাতুব্বর (৩০), হিরালদি এলাকার হান্নান দাই ওরফে লাভলু (৩৫), পুখুরিয়া এলাকার মো. রিকু মাতুব্বর, নুরপুর এলাকার সাইফুল ইসলাম পিয়াস (সজিব মাতুব্বর) এবং মুনসুরাবাদ (গুচ্ছগ্রাম) এলাকার মো. আরিফ শিকদার (২৮)।
ভাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ বিশেষ অভিযানের মাধ্যমে তাঁদের গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত ও দাগী আসামিদের আইনের আওতায় আনতে এই ধরণের ঝটিকা বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা