
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি।
আজ বুধবার দুপুর দুইটার দিকে সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্বদিকের সৈকতে তিমিটি ভেসে আসে। স্থানীয়দের দাবি, বিগত দুই যুগের মধ্যে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় আকৃতির।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে প্রথম তিমিটি ভাসতে দেখেন জেলেরা। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা চালান। তবে তিমিটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব না হলেও পরবর্তীতে জোয়ারের স্রোতের টানে সেটি ঝাউবাগান এলাকায় কূলে চলে আসে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) আহ্বায়ক বাচ্চু খলিফা জানান, তিমির শরীরের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে গভীর সাগরে তিমিটির মৃত্যু হয়েছে। তবে এটি কী কারণে মারা গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাগরে এভাবে বিশালাকৃতির সামুদ্রিক প্রাণীর মৃত্যু সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি অশনিসংকেত বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিমিটির কঙ্কালটি বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে স্থানীয় বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি এরই মধ্যে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী তিমিটির ময়নাতদন্ত ও কঙ্কাল সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা