
মহসিন মিয়া, নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে মা মাছের নিরাপদ প্রজনন ও পোনামাছ সংরক্ষণে মাসব্যাপী মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন জলমহাল ও এলাকায় এ অভিযান পরিচানা করা হয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাছ ধরার ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল পেতে রাখা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপস্থিত জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং রেণু ও পোনামাছ সংরক্ষণে সরকারের কঠোর নির্দেশনা অনুযায়ী এই দেশীয় মৎস্যসম্পদ রক্ষার্থে বিশেষ তৎপরতা চালানো হয়েছে। দেশের আমিষের চাহিদা মেটাতে এবং হাওরাঞ্চলের মৎস্যসম্পদ রক্ষায় আগামী দিনগুলোতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা