
মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ভেঙে যাওয়ার পর দালালের প্রতারণায় সর্বস্ব হারিয়ে দীর্ঘ ৪৫ বছর নিখোঁজ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইসাক মিয়া। অবশেষে দীর্ঘ সাড়ে চার দশক পর স্বজনদের কাছে ফিরে এসেছেন তিনি।
ইসাক মিয়া নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আশির দশকের শুরুতে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ইসাক মিয়া নিজের দুই বিঘা কৃষিজমি ও ৪০ শতাংশ বসতভিটা বিক্রি করে সিলেটে যান। কিন্তু সেখানে এক দালালের প্রতারণার শিকার হয়ে তিনি তাঁর সব সঞ্চয় হারান। স্বপ্নভঙ্গের পর লোকলজ্জা ও ক্ষোভে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ান। বর্তমানে তিনি বয়সের ভারে ন্যুব্জ ও মানসিকভাবে বিপর্যস্ত।
সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন এলাকায় তাঁকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মানবিক কারণে তাঁরা তাঁর চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন এবং তাঁকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। সেই ভিডিও দেখে নাসিরনগরে থাকা পরিবারের সদস্যরা ইসাক মিয়াকে শনাক্ত করেন এবং কুষ্টিয়ায় ছুটে যান। গতকাল মঙ্গলবার কুমারখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, থানার পরিদর্শক আমিরুল ইসলাম ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইসাক মিয়ার ভাগ্নে বাচ্চু মিয়া ও ভাতিজা তাহের মিয়া আবেগাপ্লুত কণ্ঠে জানান, তাঁরা শুধু গল্পেই চাচার কথা শুনেছেন এবং ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই। দীর্ঘ ৪৫ বছর পর তাঁকে জীবিত ফিরে পেয়ে পরিবারের সবাই আনন্দিত। অশ্রুসিক্ত কণ্ঠে ইসাক মিয়া বলেন, “দালাল টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর জীবনটা পথে পথেই কেটে গেছে। এখন আপনজনদের কাছে ফিরতে পেরে শান্তি লাগছে।” এই পুনর্মিলন এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।
এআইএল/সকালবেলা