
অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংকে ‘দলকানা’ ও দুর্বল গভর্নর বসিয়ে সরকার সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত হয়ে পড়েছে বলে তীব্র ক্ষোভ ও মন্তব্য প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গত মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে শফিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আমলে ৫টি ব্যাংক নিয়ে গঠিত সমন্বিত ব্যাংকের গ্রাহকরা টাকার জন্য ঘুরছেন, অথচ সমাধানের কোনো উদ্যোগ নেই। সরকার এখন সমৃদ্ধ ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত। রাতের অন্ধকারে জুম মিটিং করে ব্যাংকটি দখলের বন্দোবস্ত করা হচ্ছে।”
বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, “বিরোধী দল হিসেবে আমরা খুব ছোট নই। যদি আমরা আমাদের দায়িত্ববোধ থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিরোধী দলে থেকেও সরকারি দলের স্টিয়ারিং ঠিক করে দিতে পারব। আর যদি দেখি পারছি না, তাহলে ওই দুষ্ট গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলব— স্টপ হেয়ার, ডোন্ট ক্রস ইওর লিমিট।”
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “অর্থনীতির হার্ট হিসেবে পরিচিত বাংলাদেশ ব্যাংকের মতো সেনসেটিভ জায়গায় বিশ্বের ইতিহাসে এমন দুর্বল ব্যক্তিকে গভর্নর করার কোনো নজির নেই। তিনি একজন ঋণখেলাপি এবং একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঠিকমতো চালাতে পারছেন না। তাকে দলকানা দেখেই এই পদে আনা হয়েছে।” তিনি হুশিয়ারি দিয়ে বলেন, পলাতক ও লুটপাটকারী সাবেক ডেপুটি গভর্নরকে জোর করে ইসলামী ব্যাংকের চেয়ারে বসানোর ফলাফল ভালো হবে না এবং ব্যাংক রক্ষায় প্রয়োজনে গ্রাহকদের সঙ্গে তিনিও রাজপথে নামবেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে শিশুধর্ষণ, হত্যা, খুন, চুরি ও চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বাড়লেও সরকার ব্যস্ত রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে ও বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিসি এবং সিটি কর্পোরেশনে দলকানাদের বসাতে। তারা জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সাথে সুষ্পষ্ট প্রতারণা করেছে এবং স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের চেষ্টা করছে।
এক মাসের মাথায় রাতের আঁধারে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে ও বাইরে এবার লড়াই চালিয়ে যাওয়া হবে, আর কোনো ছাড় দেওয়া হবে না। সরকার ভালো করলে সহযোগিতা করব, মন্দ করলে বাধা দেব।”
সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।