
অনলাইন ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাঁদের শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম চলাকালীন কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থানকালে তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরে এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, “হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মতো কর্মস্থলে আসেন না। পাঁচজন চিকিৎসক কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই অনুপস্থিত ছিলেন, তাই তাঁদের শোকজ করা হয়েছে।” তিনি আরও জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি ব্রিফিং করবেন এবং উপস্থিতির তালিকা তাঁর কাছে পাঠাবেন।
এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটায় অনুপস্থিতির কারণ জানতে সংশ্লিষ্ট চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককেও অবহিত করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্ব অবহেলার কারণে ওই পাঁচ চিকিৎসককে শোকজ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সকাল ৯টার দিকে এমপি হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর এবং হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।