
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নে সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ জুন) ভোরে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির মুখের ডান পাশে গুরুতর জখমের চিহ্ন এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট আলামত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে নির্মমভাবে হত্যা করার পর মরদেহটি এই নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের পরনে জলপাই-সবুজ রঙের টি-শার্ট ও সাদা চেক ট্রাউজার ছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও এর সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে আমাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”
এআইএল/সকালবেলা