
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
শনিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে। আটক আনোয়ার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তবে আটকের সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় এনসিপি নেতা আনোয়ার হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আনোয়ারের তিন ভাই ইমন হোসেন, রুবেল হোসেন ও দিপুকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করেন। এছাড়া তার ফেসবুক আইডিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করারও অভিযোগ আনা হয়। এসব ঘটনার কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিন মিঝির ওপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়।
তবে এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব আলমগীর হোসাইন অভিযোগ করে জানান, প্রায় ২ হাজার লোক নিয়ে আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তাকে মারধর করে পুলিশে সোপর্দ ও পরবর্তীতে মামলা দেওয়ার এই ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আনোয়ারসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে এবং ওই মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, সাইবার সুরক্ষা এবং দণ্ডবিধির ধারায় দায়ের করা এই মামলায় আদালতের বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।