
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের দেওয়া এক বিতর্কিত বক্তব্যের তীব্র সমালোচনা ও এর স্পষ্ট জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের এই সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেছেন, জেলা পরিষদের প্রশাসক যে টাকার কথা বলেছেন, সেটি মূলত দেবীদ্বার উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ। সেই টাকা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো টাকা নেননি।
আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। আর হাসনাত আবদুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের পদেও রয়েছেন।
জেলা পরিষদ প্রশাসকের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে হাসনাত আবদুল্লাহ একটি গণমাধ্যমকে বলেন, “জেলা পরিষদের প্রশাসক যে কথা বলেছেন, তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। আর উপজেলার জন্য বাজেটের টাকা তো কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে সরাসরি উপজেলাকে।”
দেবীদ্বার উপজেলাকে কোন কোন খাতে, কোন জুরুরি কাজে টাকা দেওয়া হয়েছে, সেটির সম্পূর্ণ তালিকা জেলা প্রশাসনের কাছে সংরক্ষিত আছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “উপজেলাও সেই টাকা কোন খাতে কত টাকা এবং কোথায় কোথায় খরচ করেছে, তার প্রতিটি হিসাব আছে। আমি বলব, তারা সেটি জনগণের সামনে প্রকাশ করুক।”
উপজেলার টেকসই উন্নয়নের জন্য সবকিছু করতে রাজি আছেন জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি আমার উপজেলার মানুষের জীবনের মানোন্নয়নে কোথাও যদি কোনো কিছু ভিক্ষা চাইতে হয়, সেটি নিয়েও আমার বিন্দুমাত্র আপত্তি নাই। কারণ, আমি তো নিজের পকেট ভারী করার জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এলাকার সাধারণ মানুষের জন্য।”
হাসনাত আবদুল্লাহ আরও স্পষ্ট করে বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। এর মধ্যে দেবীদ্বার উপজেলাকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে এবং এই অর্থ সম্পূর্ণ এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের নিজস্ব রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই।
জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের ধরণ নিয়ে সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “উনি এমনভাবে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন মনে হচ্ছে, টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে বাড়ি চলে গেছি। অথচ দেবীদ্বারের বিভিন্ন দৃশ্যমান জনকল্যাণমূলক কাজে এই বরাদ্দ দেওয়া হয়েছে। উনি দাবি করেছেন রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো কাস্টম বা রাজস্ব খাতের বরাদ্দ নয়, এটি শতভাগ এডিপি প্রকল্পের বরাদ্দ।”
কুমিল্লার দুই রাজনৈতিক শিবিরের শীর্ষ পদের এই পাল্টাপাল্টি যুক্তি ও অর্থের হিসাব নিয়ে এখন কোন পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে এবার বোধহয় আলোচনার ঝড় উঠবে চায়ের টেবিলে, প্যাভিলিয়নে কিংবা মিডিয়ায়।