
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলীয় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মাঠপর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় নাসিরনগর চেয়ারম্যান মার্কেট হল রুমে উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জনাব এমএ হান্নান (এমপি)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বিএনপি সভাপতি জনাব এমএ হান্নান বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় যে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, তা চিরকাল ভাস্বর থাকবে। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে হবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্ল্যাহ এবং নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ারসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী ৩০ মে তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী দেশব্যাপী ও স্থানীয়ভাবে সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় নাসিরনগর উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপস্থিত নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য বজায় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে আগামী দিনের যেকোনো রাজপথের কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা