
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে দেশের অন্যতম প্রাচীন ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একযোগে ৪ জন প্রভাবশালী তৃণমূল নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিরল প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা দলটির রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
দল থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়া চার নেতা হলেন— বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল লতিফ, উপজেলা কমিটির কোষাধ্যক্ষ মো. মোফাচ্ছেল হক ছেলু, সদস্য রকিবুল আলম বাবু এবং বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু।
সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতা মো. আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা মূলত সাধারণ ব্যবসায়ী। বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় কর্মসংস্থান সৃষ্টিসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছি। তবে অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা থাকার কারণে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সমাজের একটি বড় অংশ আমাদের স্বাভাবিকভাবে গ্রহণ করছে না।”
তিনি আরও যোগ করেন, “ব্যবসায়িক কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করতে এবং নিজেদের সামাজিক ও পারিপার্শ্বিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদে আমরা আজ থেকে আর কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকব না। আমাদের অতীতের কোনো পদ-পদবীও আজ থেকে আর কোথাও ব্যবহার করা হবে না।”
অব্যাহতি নেওয়া চার নেতা আরও জানান, আজ থেকে তাঁরা সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিজেদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন এবং একজন সাধারণ নাগরিকের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বমহলে নিজেদের সম্পূর্ণ রাজনীতিমুক্ত ঘোষণার পাশাপাশি তাঁরা ভবিষ্যৎ পথচলার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং শেষ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এবং সম্প্রতি ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’ পাস হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপর আইনি নিষেধাজ্ঞা জারির পর থেকে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে দল ছাড়ার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে।
এআইএল/সকালবেলা