
রূপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রাণকেন্দ্র লারমা স্কয়ার এখন মৌসুমি লেচুর পাইকারি বেচাকেনায় পুরোপুরি জমে উঠেছে। প্রতিদিন ভোর হতেই পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা ও আশপাশের বিভিন্ন বাগান থেকে শত শত ট্রাক, পিকআপ, মাহিন্দ্র ও ভ্যানে করে বাজারে আসছে বাগান থেকে সদ্য ছেঁড়া টাটকা লেচু। স্থানীয় বড় ব্যবসায়ী, পাইকার ও খুচরা বিক্রেতাদের উপচে পড়া পদচারণায় পুরো বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়ে লেচুর ফলন বেশ ভালো হয়েছে। বিশেষ করে বোম্বাই, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লেচুর আকার ও মিষ্টি বেশি হওয়ায় বাজারে এর চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বিরতিহীন পাইকারি বেচাকেনা। এরপর এখান থেকে ট্রাকে ট্রাকে লেচুর চালান চলে যাচ্ছে চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারগুলোতে।
বাজারে আসা পাইকারি ব্যবসায়ী মো. রফিক জানান, “প্রতিদিন লারমা স্কয়ারে লাখ লাখ লেচু বেচাকেনা হচ্ছে। মৌসুমের শুরুতে দাম একটু চড়া থাকলেও এখন সরবরাহ বাড়ায় বাজার দর ক্রেতা-বিক্রেতা উভয়ের নাগালের মধ্যে রয়েছে।” স্থানীয় খুচরা বিক্রেতারাও বলছেন, বিষমুক্ত ও মিষ্টি পাহাড়ি লেচুর প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহের কারণে বাজারে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
লেচুর এমন জমজমাট বাজারে মুখে হাসি ফুটেছে স্থানীয় জুমচাষি ও বাগান মালিকদের। তারা জানান, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পাইকারি বাজারে লেচুর ন্যায্যমূল্য পাওয়ায় এবার ভালো লাভের মুখ দেখছেন তারা। বাজার সংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়া ভালো থাকলে আগামী আরও কয়েক সপ্তাহ লারমা স্কয়ারের এই পাইকারি লেচুর বাজার একই রকম জমজমাট থাকবে।
এদিকে গ্রীষ্মকালীন এই মৌসুমি ফলের বিপুল বেচাকেনাকে ঘিরে দীঘিনালার স্থানীয় অর্থনীতিতেও বেশ ইতিবাচক ও চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। লেচুর বাজারকে কেন্দ্র করে বাগান ও বাজারের দিনমজুর, পরিবহন শ্রমিক, পিকআপ চালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন, যা পাহাড়ি জনপদের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এআইএল/সকালবেলা