
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকাজুড়ে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আর সদরঘাটে পৌঁছানোর আগেই চিত্তরঞ্জন অ্যাভিনিউ সড়কের দুই পাশের ফুটপাত যেন পরিণত হয়েছে এক বিশাল অস্থায়ী ঈদ বাজারে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর কলেজিয়েট স্কুল এলাকা পেরিয়ে দীর্ঘ এই সড়কজুড়ে সারিবদ্ধভাবে বসেছে কাপড়, জুতা-স্যান্ডেল, ব্যাগ, ফলমূল, খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দোকান। দক্ষিণ অঞ্চলগামী যাত্রীদের অনেকেই লঞ্চে ওঠার আগে শেষ মুহূর্তের জরুরি কেনাকাটা এই ফুটপাত থেকেই সেরে নিচ্ছেন। কম দামে দরকারি জিনিস মেলায় নিম্ন ও মধ্যবিত্তদের কাছে এই অস্থায়ী দোকানগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। এছাড়া সামনে ফুটবল বিশ্বকাপ থাকায় এবার ফুটপাতের দোকানগুলোতে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সির চাহিদাও বেশ লক্ষণীয়।
লঞ্চযাত্রী ও সাধারণ ক্রেতারা জানান, মার্কেটে গিয়ে দরদাম করে কেনার মতো বাড়তি সময় হাতে না থাকায় তারা ঘাটমুখো এই ফুটপাতকেই বেছে নিয়েছেন। তবে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে তীব্র ভোগান্তি ও জটলার সৃষ্টি হচ্ছে। মালপত্র ও পরিবার নিয়ে সদরঘাটে যাওয়ার পথে মূল রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন অনেকে।
ফুটপাতের বাজারে ক্রেতাদের তুমুল ভিড় থাকলেও আশপাশের বড় মার্কেট ও শপিংমলগুলোতে তুলনামূলক ক্রেতা সমাগম কম দেখা গেছে। গ্রেটওয়াল মার্কেটের ব্যবসায়ীরা জানান, ফুটপাতে কম দামে পণ্য পাওয়ায় সাধারণ মানুষ সেদিকেই বেশি ঝুঁকছেন, যার কারণে মার্কেটের ভেতরে আগের মতো ভিড় জমছে না। অবশ্য ঈদের বাকি দিনগুলোতে বিক্রি আরও বাড়ার আশা প্রকাশ করেছেন তারা।