
নিজস্ব প্রতিবেদক: ভোলার মেঘনা নদীতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সজিব মাঝি (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শাকিল নামে আরও এক জেলে গুরুতর আহত হয়েছেন।
নিহত সজিব মাঝি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরম ঘাট সংলগ্ন এলাকার মো. সামছুল হকের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হাজারিগঞ্জের আলম মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে সজিব ও শাকিল একটি নৌকা নিয়ে আলম ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। সকাল আনুমানিক ১০টার দিকে নদীতে পাতা জাল টানার সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে সজিবের গায়ে লাগে। এতে নৌকায় থাকা দুই জেলেই গুরুতর আহত হন।
পরে আশপাশের জেলেরা তাদের উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সজিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শাকিল মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বজ্রপাতে জেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।