
অনলাইন ডেস্ক: ঈদযাত্রায় ছুটির দ্বিতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে একদম নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু পারাপারে কোনো বাড়তি চাপ না থাকায় গাড়ির গতি স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকায় যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে। তবে লোকাল ও ভায়া যানবাহনের কিছুটা সংকট থাকায় পদ্মা সেতু উত্তর থানার সামনে কিছু যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি পৃথক টোল কাউন্টার চালু রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হওয়ায় প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সহজে সেতু পার হতে পারছেন।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।