
নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকেই যমুনা সেতু থেকে মহাসড়কের পুংলি পর্যন্ত এই পরিস্থিতি চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটিতে সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে এমনিতেই গাড়ির গতি কিছুটা কম। তার ওপর সোমবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে সেতুতে উত্তরবঙ্গগামী লেনে একসঙ্গে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ও বিকল গাড়িগুলো রেকারের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, সেতুতে পরপর গাড়ি বিকল ও দুর্ঘটনার ফলেই পুংলী পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে এবং কিছু জায়গায় জটলা লেগেছে। ঈদযাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সদস্যরা ভোর থেকেই নিরলসভাবে কাজ করছেন।