
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ডেকে এনে লম্পট কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় মো. ইয়াছিন (৫২) নামের এক ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ধর্ষণের পর ভুক্তভোগী নারীর দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই লম্পটের বিরুদ্ধে।
গত শনিবার (২৩ মে) রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন ওই এলাকারই স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী নারীর সাথে ইয়াছিনের পরিচয় ও গভীর সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে ইয়াছিন নিজেকে অবিবাহিত দাবি করে ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। সরল বিশ্বাসে তার প্রেমের ডাকে সাড়া দিয়ে গত শুক্রবার ঢাকা থেকে বাসে করে ফেনীর মহিপালে আসেন ওই নারী।
সেখান থেকে ইয়াছিনের কথামতো সিএনজি অটোরিকশাযোগে ফুলগাজীর কিশমতাদী বাজারে পৌঁছালে ইয়াছিন তাকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেখানে গিয়ে ওই নারী জানতে পারেন ইয়াছিন প্রকৃতপক্ষে বিবাহিত এবং তার ভরা সংসার রয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ইয়াছিনের বিয়েতে অস্বীকৃতি জানান এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ইয়াছিনকে গাড়ি ঠিক করে দিতে বলেন।
অভিযোগে আরও জানা যায়, রাত ১২টার দিকে বাড়ি পৌঁছে দেওয়ার ছলে ওই নারীকে নিয়ে বাড়ি থেকে বের হন ইয়াছিন। পরে রাত আনুমানিক ২টার দিকে আমজাদহাট সংলগ্ন সরকার ব্রিকফিল্ড এলাকার একটি নির্জন ও অন্ধকার স্থানে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন জোর করে কেড়ে নিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ওই নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত ইয়াছিন। পরবর্তীতে গভীর রাতে স্থানীয় এক অটোরিকশাচালকের মানবিক সহযোগিতায় ওই নারী উদ্ধার হন এবং ফুলগাজী থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) দিপলু কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার অভিযুক্ত ইয়াছিনকে কঠোর পুলিশি পাহারায় ফেনীর আমলি আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা