
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মফেজ আলী ও লাইলি আক্তার নামে দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লাইলি বেগমের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই বাড়িতে অভিনব উপায়ে মজুদকৃত ৩৫টি বস্তা থেকে মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এই অঞ্চলের একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সীমান্ত এলাকা দিয়ে এনে মজুদ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম শলুয়া ইউনিয়নের ওই বাড়িতে আকস্মিক অভিযান চালায়। এ সময় পুরো বাড়ি তল্লাশি করে ৩৫টি প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় এই ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে মাদক চক্রের তৎপরতা রুখতে পুরো বিভাগজুড়ে কঠোর নজরদারি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মে মাসে রাজশাহী বিভাগের ৮টি জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা এবং হেরোইনসহ ক্ষতিকর ট্যাপেন্টাডল ট্যাবলেট পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন সীমান্ত গলিয়ে অবৈধভাবে পাচার হয়ে দেশে আসছে। যুবসমাজকে রক্ষা করতে এবং মাদকের এই রুট ভেঙে দিতে প্রশাসনের এ ধরনের বিশেষ ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।
এআইএল/সকালবেলা