
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের হয়বতপুর বাজারে প্রকাশ্য চাঁদাবাজির প্রতিবাদ করায় বাস কাউন্টার মাস্টার মিজানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে তার পায়ের রগ ও হাতের কব্জি কেটে গুরুতর জখম করেছে।
গতকাল রোববার (২৪ মে) দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে হয়বতপুর বাজার এলাকায় অবস্থিত নিজ বাস কাউন্টারে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন মিজান। এ সময় একদল চিহ্নিত দুর্বৃত্ত ও চাঁদাবাজ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে কাউন্টারের ভেতর ঢুকে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে একপর্যায়ে তাঁর পায়ের রগ এবং হাতের কব্জি কেটে দেয়। মিজানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিজানকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার চরম অবনতি হলে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, হয়বতপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট মহলের চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষ মুখ না খুললেও মিজান এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রতিবাদ করার কারণেই পরিকল্পিতভাবে মিজানের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তা হীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এআইএল/সকালবেলা