
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ডভ্যান ও লরির মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
গত রোববার (২৪ মে) রাত আনুমানিক সোয়া দুইটায় গজারিয়া থানাধীন দড়ি বাউশিয়া এলাকার ‘মানাবে ওয়াটার পার্ক’ সংলগ্ন ইউটার্নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে গুরুতর আহত কাভার্ডভ্যান চালকের নাম নুরুল আলম (৪০) বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য একটি কাভার্ডভ্যান বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে মোড় নিচ্ছিল। ঠিক ওই সময় চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগতির লরি কাভার্ডভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। মুখোমুখি এই তীব্র সংঘর্ষে কাভার্ডভ্যান ও লরি দুটিরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক নুরুল আলম ও লরির হেলপার অন্তর দাস দুজনেই কেবিনের ভেতর আটকা পড়ে গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ গোঙাতে থাকেন।
দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় লোকজন ও ভবেরচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা কেবিন কেটে আটকে পড়া দুজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক লরির হেলপার অন্তর দাসকে পরীক্ষা-নির্ধারণ শেষে মৃত ঘোষণা করেন। অন্যদিকে কাভার্ডভ্যান চালক নুরুল আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও রেকার দিয়ে গাড়ি সরিয়ে নেওয়ার পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহত ও আহতের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা