
আসিফ বাঁধন, সিরাজদিখান প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে গোপনে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
গ্রেফতার নূর মোহাম্মদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের সাইদুলের ছেলে। তিনি বর্তমানে সিরাজদিখান উপজেলার ইসলামপুর গাবেরপাড়া এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী কিশোরী ঘরে গোসল করার সময় বাথরুমের ভেন্টিলেটারের ফাঁকা স্থান দিয়ে গোপনে নিজের মুঠোফোনে ওই কিশোরীর গোসলের ভিডিও ধারণ করছিলেন অভিযুক্ত নূর মোহাম্মদ। বিষয়টি ওই সময় পথচারী ও প্রতিবেশীরা টের পেয়ে হাতেনাতে নূর মোহাম্মদকে আটক করেন। পরে তাঁর মুঠোফোন তল্লাশি করে ভিডিওর সত্যতা মেলায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে সিরাজদিখান থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর গোপন ভিডিও ধারণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীর ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
এআইএল/সকালবেলা