
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইসলামী ব্যাংক নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিতর্কিত ব্যবসায়ী এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রোববার (২৪ মে) দুপুরে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী ও চক্রান্তকারী মহল দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। গ্রাহকরা কোনোভাবেই বিতর্কিত ব্যবসায়ী এস আলম বা তাঁর কোনো প্রতিনিধিকে পুনরায় ইসলামী ব্যাংকে দেখতে চান না। বক্তারা অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির মুখোমুখি করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ রাষ্ট্রীয় হেফাজতে ফেরত আনার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে এস আলমের মাধ্যমে ইসলামী ব্যাংক যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি মহল একই ধারায় ব্যাংকটিকে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে, যা সাধারণ আমানতকারীদের জন্য চরম উদ্বেগের।
মানববন্ধন কর্মসূচিতে সচেতন গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, ডাক্তার মুজাহিদুল ইসলাম ও আবদুল্লাহ জলিল আকন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজের প্রতিনিধিরা।
সমাবেশ থেকে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের ওপর যেকোনো ধরনের নগ্ন হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঠিক ও স্বাধীন নিয়মনীতি মেনেই যেন ইসলামী ব্যাংক পরিচালিত হয়, সরকারকে দ্রুত সেই সুব্যবস্থা গ্রহণ করতে হবে।
এআইএল/সকালবেলা