
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু বাগানের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার ভানুগাছ সড়কের পাশে এই ঘটনা ঘটে।
নিহত সুনিল সাঁওতাল আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকার রিয়া সাঁওতালের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার ভোরে ভানুগাছ সড়কের ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’ সংলগ্ন জরিফ মিয়ার মালিকানাধীন একটি লেবু বাগানে ঘাস কাটতে যান সুনিল সাঁওতাল। ওই লেবু বাগানকে বন্য শুকরের আক্রমণ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে, বন্য শুকুর ঠেকাতে বাগান কর্তৃপক্ষ বেড়ার কাঁটাতারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। ঘাস কাটার একপর্যায়ে অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুনিলের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে লেবু বাগানের মালিক জরিফ মিয়া পলাতক রয়েছেন। এই বিষয়ে তাঁর বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কাঁটাতারে বিদ্যুৎ সংযোগ দিয়ে মানুষ হত্যার এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা