
এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে চোরাচালান প্রতিরোধ অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন।
আজ রবিবার (২৪ মে) দুপুরে ফেনী বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে যথাযথ সরকারি প্রক্রিয়া অনুসরণ করে এই নিলামের আয়োজন করা হয়।
ফেনী বিজিবি সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা এবং বিজিবির বিশেষ অভিযানে জব্দ করা গরুগুলো সরকারি বিধি মোতাবেক প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলামের খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহের সাথে এই নিলাম কার্যক্রমে অংশ নেন। সর্বোচ্চ ডাকদাতার হাতে বিজিবির নিয়ম অনুযায়ী জব্দকৃত গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়।
এবারের নিলাম কার্যক্রমটি যৌথভাবে পরিচালনা ও তদারকি করেন ফেনী কাস্টমসের গুদাম কর্মকর্তা আবদুর রব এবং ফেনী-৪ বিজিবির দায়িত্বপ্রাপ্ত জিপিএসিও মো. আশ্রাফ আলী। নিলাম প্রক্রিয়া চলাকালে বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে নিলামে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর বিল্লাল হোসেন এই নিলামের বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, মাদক এবং গবাদিপশু পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে আমাদের এই কঠোর চোরাচালানবিরোধী অভিযান ২৪ ঘণ্টাই অব্যাহত রয়েছে। অভিযানে যেসব চোরাচালানি মালামাল বা গবাদিপশু জব্দ হয়, সেগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসের মাধ্যমে প্রকাশ্য নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
এআইএল/সকালবেলা