
মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা ছাত্রদলের সাবেক নেতার দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন 'ফ্যামিলি জোন' মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবারের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ও মামলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে রবিবার সন্ধ্যায় ঝিনাইদহের ফ্যামিলি জোন মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। তিনি সংবাদ সম্মেলন স্থলের প্রবেশদ্বারে পৌঁছামাত্রই ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলেন এবং গ্রেফতার করে থানায় নিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, “হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারনামীয় প্রধান আসামি হিসেবে আজ সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ২২ মে (শুক্রবার) জুমার নামাজের পর এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফর ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা বাদী হয়ে স্থানীয় ৮ জন ছাত্রদল নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এর পাল্টা প্রতিক্রিয়া ও ২৪ ঘণ্টা পার হতে না হতেই পরদিন শনিবার দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির বাদী হয়ে তারেক রেজাকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। ছাত্রদলের করা ওই পাল্টা মামলার সূত্র ধরেই আজ সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করল পুলিশ।
এআইএল/সকালবেলা