
ওয়াফিক শিপলু, বগুড়া: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) “জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা” শীর্ষক এক বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ মে) সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “মৌচাষ শুধু একটি লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির পরাগায়নের অবদান অপরিসীম।” এ সময় তিনি দেশের মৌচাষ সম্প্রসারণে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দেশের যুব সমাজ ও প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মৌভিত্তিক শিল্পের সম্ভাবনা অনেক বেশি। এই সম্ভাবনাময় খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ইতিমধ্যে নানা কার্যকর ও আধুনিক উদ্যোগ গ্রহণ করেছে। বগুড়া অঞ্চলকে কেন্দ্র করে মিল্কভিটার আদলে মৌচাষীদের নিয়ে একটি শক্তিশালী সমবায় সমিতি গঠনের মাধ্যমে নিশ্চিত কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বিশেষভাব তুলে ধরেন প্রতিমন্ত্রী।
আরডিএ আয়োজিত এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিশেষজ্ঞ প্রশিক্ষক, পেশাদার মৌচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মীর শাহে আলম আরডিএ প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এআইএল/সকালবেলা