
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নানা প্রতিশ্রুতি ভঙ্গ এবং গ্রামীণ সড়ক বন্ধ করে জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার (২৪ মে) বেলা এগারোটার দিকে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসী ও বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দুটি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষের জমি অধিগ্রহণের পাশাপাশি অনেক স্বপ্ন দেখানো হয়েছিল। সে সময় স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান এবং অবহেলিত এলাকার রাস্তাঘাট উন্নত করার নানা প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ সময় পার হলেও সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো বালাই নেই, উল্টো এখন স্থানীয়দের নানাভাবে ক্ষতি করা হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিজেদের সীমানায় গেট তৈরি করে মরিচবুনিয়া, গন্ডামারি এবং নিশানবাড়িয়া গ্রামের সাধারণ মানুষের যুগ যুগ ধরে চলাচলের একমাত্র রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে ওই তিনটি গ্রামের অন্তত ৬ হাজার মানুষ আকস্মিকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং তাঁদের নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন—গণ অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ভুক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মৃধা, কলি বেগম এবং মেহেদী হাসানসহ আরও অনেকে।
সমাবেশে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য আমরা জমি দিয়েছি, কিন্তু আমাদের চলাচলের পথ বন্ধ করে ৬ হাজার মানুষকে জিম্মি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করতে এবং বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
এআইএল/সকালবেলা