
নিজস্ব প্রতিবেদক: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫২৮ শিশুর।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে ল্যাব টেস্টে হাম শনাক্তের পর মারা গেছে আরও ৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।