
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে টেক্সটাইল রং ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল মেশানো প্রায় ৬০ মণ (২ হাজার ৪০০ কেজি) ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সাথে এই অপরাধে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট মিলের স্বত্বাধিকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ এলাকার বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত খালেক পাইকারের হলুদ মিলে এই যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, বড় ছত্রগাছা গ্রামের মৃত রজ্জব আলী পাইকারের ছেলে খালেক পাইকারের মিলে দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল মসলা তৈরি হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে আকস্মিক হানা দেওয়া হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিলের বর্তমান স্বত্বাধিকারী পারভীন বেগমকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ বিষাক্ত হলুদ ও মরিচের গুঁড়া জনসম্মুখে কেরোসিন ঢেলে ভস্মীভূত করা হয়, যাতে এগুলো কোনোভাবেই পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে।
গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং র্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হলুদ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের জন্য ধাপেরহাট ইউনিয়নের একটি বিশেষ পরিচিতি রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ও অতি মুনাফালোভী ব্যবসায়ী বিভিন্ন অটো মিলে চালের কুঁড়া, কাঠের গুঁড়া, কৃত্রিম কড়া রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল হলুদ-মরিচের গুঁড়া উৎপাদন করে আসছিলেন। এসব ভেজাল মসলা দেশের বিভিন্ন বাজারে আসল ব্র্যান্ডের নামে বাজারজাত করা হচ্ছিল, যা সাধারণ মানুষের স্বাস্থ্যকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সতর্কবার্তা দিয়ে জানান, “চামড়া বা কাপড়ে ব্যবহৃত রাসায়নিক রং মেশানো এই ভেজাল মসলা নিয়মিত গ্রহণের ফলে মানবদেহের লিভার ও কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে পড়তে পারে। এছাড়া পাকস্থলীর মারাত্মক ক্ষত, গ্যাস্ট্রিক আলসার এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মরণব্যাধি হওয়ার ঝুঁকি শতভাগ বেড়ে যায়। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যের জন্য এই বিষাক্ত কেমিক্যাল একটি নীরব ঘাতক।”
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এই ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলমান থাকবে।” নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া জানান, খাদ্য সুরক্ষায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এদিকে প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল এসব অসাধু ব্যবসায়ীদের কেবল জরিমানা নয়, বরং কারাদণ্ডের মতো কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা