
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কিছুটা শৃঙ্খলা ফিরলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক। বৈধ নম্বরপ্লেট ও চালকের লাইসেন্স না থাকায় এসব যানবাহনের আইনলঙ্ঘনের চিত্র ক্যামেরায় বন্দি হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এআই প্রযুক্তির এই সীমাবদ্ধতা দূর করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আসন্ন ঈদুল আজহার পর রাজধানীজুড়ে অটোরিকশা ও নম্বরপ্লেটবিহীন গাড়ির বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযানের প্রস্তুতি নিতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর মোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, এআই ক্যামেরা ও আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কারণে বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলচালকদের মধ্যে বেশ শৃঙ্খলা ফিরেছে। চালকদের বড় একটি অংশ এখন সিগন্যাল মেনে চলছেন এবং স্টপলাইন অতিক্রম করছেন না। তবে শৃঙ্খলার এই ইতিবাচক চিত্রের মাঝেও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল পুরো ট্রাফিক ব্যবস্থাকে বারবার অস্থিতিশীল করে তুলছে।
কারওয়ান বাজার মোড়ে দেখা যায়, সিগন্যাল লাল থাকা সত্ত্বেও অটোরিকশাগুলো সুযোগ পেলেই আইন অমান্য করে সামনে চলে যাচ্ছে। কেউ ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে উল্টো পথে ঢুকছে, আবার কেউ রাস্তার মাঝেই হঠাৎ যাত্রী ওঠানামা করাচ্ছে; যার ফলে মুহূর্তেই তৈরি হচ্ছে তীব্র যানজট। একই দৃশ্য দেখা গেছে বাংলামোটর মোড়েও। সেখানে সিগন্যাল ছাড়ার পরপরই বাস ও ব্যক্তিগত গাড়ির সামনে আচমকা অটোরিকশা চলে আসায় অন্যান্য যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।