
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী অনুমোদনবিহীন অবৈধ পশুরহাট কঠোরভাবে দমনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভায় ঈদকে ঘিরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সাধারণ ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি ও দীর্ঘ যানজট কমাতে সড়ক ব্যবস্থাপনার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কালীগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়ক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পশুবাহী ট্রাক ও ঈদযাত্রার অতিরিক্ত যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে সমন্বিতভাবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, উপজেলার কোথাও কোনোভাবেই অনুমোদনবিহীন বা অবৈধ পশুরহাট বসতে দেওয়া হবে না। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, মহাসড়ক কিংবা জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি হতে পারে—এমন জনাকীর্ণ স্থানে পশুরহাট স্থাপনের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ইজারাদার বা চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন মাঠপর্যায়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। একইসঙ্গে উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
এআইএল/সকালবেলা