
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে এক অসহায় কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। পাশবিক এই নির্যাতনের শিকার হয়ে ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। লোকলজ্জা ও সামাজিক হেনস্তার শিকার হয়ে গর্ভের সন্তানের পিতৃপরিচয় এবং আইনি স্বীকৃতির দাবিতে এখন দ্বারে দ্বারে ঘুরছে চরম হতদরিদ্র এই পরিবারটি।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের প্রত্যন্ত ইসলামাবাদ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সামাজিকভাবে বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী পরিবারটি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার গভীর তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী কিশোরী ও মামলার আরজি সূত্রে জানা গেছে, ইসলামাবাদ গ্রামের বিনু মিয়ার লম্পট ছেলে ইয়ামিন (২২) প্রথমে জোরপূর্বক এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে প্রলুব্ধ করে। এরপর নিজ বাড়ির পাশের একটি নির্জন ও পরিত্যক্ত ঘরে নিয়ে দিনের পর দিন একাধিকবার তাকে ধর্ষণ করে। লোকলজ্জা, সমাজচ্যুতি ও বিবাদীদের প্রাণনাশের ভয়ে নির্যাতিতা কিশোরী বিষয়টি প্রথমে নিজের বাবা-মাকে জানাতে সাহস পায়নি।
একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে এবং সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হলে, অভিযুক্ত ইয়ামিন বিষয়টি ধামাচাপা দিতে তাকে জোরপূর্বক গর্ভপাতের (অ্যাবোরশন) জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু কিশোরী ও তার মা তাতে রাজি না হওয়ায় ইয়ামিন ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে অবশেষে কিশোরী তার পরিবারকে কান্নায় ভেঙে পড়ে সব সত্য খুলে বলে।
ভুক্তভোগী কিশোরীর দাদী রূপবানু বেগম আক্ষেপ করে বলেন, “আমরা দিন এনে দিন খাওয়া গরিব মানুষ। নাতনির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে সে সবকিছু খুলে বলে। ওর পেটে এখন পাঁচ মাসের বাচ্চা। ইয়ামিন আমার নাতনির জীবনটা চিরতরে শেষ করে দিল।”
কিশোরীর মা আফরোজা বেগম বলেন, “ইয়ামিনরা গ্রামের প্রভাবশালী ও বড় গোষ্ঠীর লোক। আর আমাদের মাথা গোঁজার ঠিকঠাক ঠাঁই পর্যন্ত নেই। বিয়ে ছাড়াই আমার শিশু মেয়ের গর্ভে এখন পাঁচ মাসের সন্তান। আমরা এই অন্যায়ের উপযুক্ত বিচার চাই।”
ভুক্তভোগীর পিতা বিল্লাল মিয়া জানান, ঘটনাটি জানার পর তিনি প্রথম দিকে স্থানীয় সর্দার ও মাতব্বরদের কাছে গিয়ে আকুল বিচার চেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালী ও বিবাদী পক্ষ থেকে অনৈতিক সুবিধা পাওয়ায় সমাজপতিরা সাফ জানিয়ে দেন—এই বিষয়ে তাদের কিছুই করার নেই। বিল্লাল মিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সামাজিকভাবে বিচার না পেয়ে আদালতে মামলা করেছি। কিন্তু আমরা গরিব, পদে পদে টাকার কাছে হেরে যাচ্ছি। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল, অথচ এখনো কোনো ন্যায়বিচার পাচ্ছি না।”
অভিযোগের বিষয়ে জানতে ইসলামাবাদ গ্রামে ইয়ামিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার স্বজনরা জানান, ইয়ামিন বর্তমানে আইনি জটিলতা এড়াতে কুমিল্লার একটি সেলুনে আত্মগোপন করে কাজ করছে। ধর্ষণের অভিযোগ ও কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়ামিনের পরিবার একগুঁয়েমি প্রকাশ করে জানায়, তারা ভুক্তভোগী পরিবারকে বার্তা দিয়েছেন— সন্তান জন্ম নেওয়ার পর ল্যাবরেটরিতে ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণিত হয় যে সন্তানটি ইয়ামিনের, তবেই তারা বিষয়টি সামাজিক সমাধানের চিন্তাভাবনা করবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পিবিআই-এর সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন সরেজমিনে তদন্তের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “আমি সরাইলের ইসলামাবাদ গ্রামে গিয়ে ঘটনাটি প্রাথমিক তদন্ত করে এসেছি। ইতিমধ্যে বিজ্ঞ আদালতের নির্দেশে ভুক্তভোগী কিশোরীর ফরেনসিক ও মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে এখনো সিভিল সার্জনের কার্যালয় থেকে মেডিকেল রিপোর্ট আমাদের হাতে আসেনি। অধিকতর ও নিখুঁত তদন্ত শেষে যথাসময়ে আদালতে মামলার চূড়ান্ত ও সত্য প্রতিবেদন দাখিল করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে দরিদ্র পরিবারটি সামাজিক হেনস্তা থেকে রক্ষা পায় এবং আইনের শাসন নিশ্চিত হয়।
এ.আই.এল/সকালবেলা