
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুবিদ রায়হানের বিরুদ্ধে কিশোর গ্যাং ও ছাত্রলীগ ক্যাডারদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবিতে সোনাগাজী মডেল থানা ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে সোনাগাজী পৌর শহরে এই নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানা ভবন ঘেরাও করে দীর্ঘক্ষণ অবস্থান নেন এবং সার্কেলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তাঁর অপসারণ দাবি করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনাগাজী মডেল থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১০টায় সোনাগাজী পৌর শহরে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া ও পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোনাগাজী মডেল থানা ঘেরাও করে সেখানে অবস্থান নেয়। বিক্ষোভকারীরা এ সময় “আওয়ামী লীগের সার্কেল”, “ঘুষখোর সার্কেল”, “মানি না মানব না” ইত্যাদি শ্লোগান দিয়ে সহকারী পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া সরাসরি অভিযোগ করে বলেন, “বর্তমানে পৌর শহরে দাপিয়ে বেড়ানো কিশোর গ্যাংয়ের সদস্যরা সাবেক ছাত্রলীগ ক্যাডার। আর এই কিশোর গ্যাং ও ছাত্রলীগের লোকদের থানার ভেতরে বসিয়ে আড্ডা দেন এবং ব্যাকডোর শেল্টার দিচ্ছেন এএসপি সার্কেল সৈয়দ মুবিদ রায়হান। ছাত্রজীবনে তিনিও ছাত্রলীগ করতেন। সে কারণেই বর্তমান প্রেক্ষাপটেও তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন এবং সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিচ্ছেন। আমরা দ্রুত এই বিতর্কিত সার্কেলের প্রত্যাহার দাবি করছি।”
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, “সার্কেল এএসপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সালিশ বাণিজ্য, ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। জনগণের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবির অংশ হিসেবেই এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।”
অনুসন্ধানে জানা গেছে, গতকাল পৌর শহরে কিশোর অপরাধ ও ছিনতাইয়ে জড়িত সন্দেহে স্থানীয়রা দুজনকে আটক করে। পরে যুবদলের নামধারী জাবেদ ও চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজু নামের দুই ব্যক্তি পুলিশের গাড়ি থেকে কিশোর গ্যাং সদস্য বেলালকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সাধারণ নেতাকর্মীরা বাধা দিলে জাবেদ ও রাজু উল্টো হামলা চালায়। এই ঘটনার জের ধরে থানা প্রাঙ্গণেই বিএনপি নেতা সৈয়দ আলম ভূঁইয়া এবং যুবদল নেতা জাবেদের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সোনাগাজী মডেল থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে লাঠিচার্জ ও কঠোর অবস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্দেহভাজন আরও ৪ জন কিশোর অপরাধীকে ধরে এনে পুলিশের হাতে সোপর্দ করেন।
যুবদল নেতা খুরশিদ আলম ভূঁইয়া আরও অভিযোগ করেন যে, এই কিশোর গ্যাংয়ের মূল গডফাদারদের ব্যাকডোর শেল্টার দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যিনি পূর্বেও আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তাঁকে (খুরশিদ) হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “কিশোর অপরাধ ও পৌর শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আমরা তানভীরুল ইসলাম তারেকসহ মোট ৫ জনকে আটক করেছি। তারা অপরাধের সাথে জড়িত কিনা তা গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” বিএনপি নেতাদের অভিযোগের প্রেক্ষিতে ওসি স্পষ্ট করে বলেন, “থানার ভেতরে কোনো কিশোর গ্যাং বা অপরাধীদের আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই, আর এমন কোনো বিষয় আমাদের চোখেও পড়েনি।”
উদ্ভূত পরিস্থিতিতে ও গুরুতর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুবিদ রায়হানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ.আই.এল/সকালবেলা