
নিজস্ব প্রতিবেদক: দেশে যারা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একটি খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এখন যারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা গত ৫ আগস্টের বিতাড়িত গণবিরোধী শক্তির সঙ্গে তলে তলে লিয়াজোঁ করছে। তারা দেশের চলমান স্থিতিশীলতা নষ্ট করতে চায়।
তিনি আরও বলেন, “আমরা দেশে পুরোপুরি আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনও কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনও অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন ও আইনি প্রক্রিয়া মেনে চলতে হয়।”
প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, কথায় কথায় রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে। এই কাজগুলো যারা করে, তারা প্রথমেই দেশের আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।” জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনও ষড়যন্ত্র দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।