
নিজস্ব প্রতিবেদক: আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। ফলে দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় এবং তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার ঘুরে দেখেন এবং জানান, পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কোরবানিকে কেন্দ্র করে ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা যেন নির্বিঘ্নে পশু বিক্রি করতে পারেন, সেজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিন কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।