
মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি সফল ও ঝটিকা অভিযান চালিয়ে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে পাচারের সময় প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শুক্রবার (২২ মে) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত গলিয়ে ভারতীয় জিরার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে পাচার হচ্ছে— এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
গতকাল সকাল ৬টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন বালুভর্তি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দেয় বিজিবি। চালক ট্রাক থামিয়ে বৈধ মালামাল দাবি করলেও বিজিবি সদস্যরা ট্রাকে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বস্তাবন্দি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবি ওই এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রেখে সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। কাভার্ড ভ্যানের ভেতর থেকেও একইভাবে বস্তাবন্দি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে পাচারকারীরা কাস্টমস কর্তৃক প্রদত্ত শুল্কায়নের ‘বিল অব এন্ট্রি’ ও এক্সপোর্ট নথিপত্র প্রদর্শন করে। কিন্তু বিজিবির আভিযানিক দল কাগজপত্র নিবিড়ভাবে যাচাই করতে গিয়ে দেখতে পায়, শুল্ক ফাঁকি দিতে মূল সরকারি কপির পরিবর্তে অত্যন্ত নিখুঁত জাল ও নকল কপি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে ভুয়া কাগজের মাধ্যমে অবৈধভাবে পণ্য পরিবহনের বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করে ট্র্যাকার ও কাভার্ড ভ্যান দুটিকে হেফাজতে নেওয়া হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় জিরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস হাউজ ও শুল্ক গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের অর্থনীতি রক্ষা, দেশীয় মসলা বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে সীমান্ত ও মহাসড়ক এলাকায় বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালানের এই কালো সিন্ডিকেট ভাঙতে সীমান্তে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ জোরদার করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা