
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মাইদুল ইসলাম মানিক (২৪)। তিনি উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রামের বকশা মিয়ার ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-এর পবিত্র চরিত্র হনন করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উসকানিমূলক একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি, ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শত শত বিক্ষুব্ধ মানুষ মানিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁর বাড়ির সামনে জড়ো হতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত ও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় স্থানীয় সচেতন মহল তাৎক্ষণিক রাজারহাট থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানায়। পরে পুলিশি পাহারায় অভিযুক্ত যুবক মাইদুল ইসলাম মানিককে নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসা হয়। যুবকের আটকের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত হয়, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে আমরা ওই যুবককে আটক করেছি। সাইবার নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার (২৩ মে) সকালে তাঁকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
এ.আই.এল/সকালবেলা