
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামির মেয়ের বিয়ের দাওয়াতে অংশ নিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতদলীয় সংসদ সদস্য (এমপি) আবু তালিব। ওই রাজকীয় বিয়ের ভোজ অনুষ্ঠানে জামায়াতের এমপিকে নিজ হাতে খাবার বেড়ে খাইয়ে আপ্যায়ন করেছেন আদালত কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহিদুল ইসলাম মন্টু।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আসামির নিজ বাসভবনে এই নজিরবিহীন ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চরম তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগেরগাছি গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক মারুফ বিল্লাহর এই বিয়ের আয়োজন করা হয়েছিল। এই বিয়েকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতার বাড়িতে রাজনৈতিক দলগুলোর এক অপূর্ব ‘মহ মিলনমেলা’ বসে।
অনুষ্ঠানে জামায়াতের সংসদ সদস্য আবু তালিব ছাড়াও উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী রাশেদ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মিনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু এবং আওয়ামী লীগ নেতা রাশেদ শমসেরসহ তিন দলের স্থানীয় শীর্ষ সারির একঝাঁক নেতাকর্মী।
অনুষ্ঠানের প্রধান আয়োজক মহিদুল ইসলাম মন্টু মূলত ২০১৬ সালের আলোচিত ছাত্রশিবির কর্মী শামীম হোসেন হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি। নিহত শামীমের বাবা রুহুল আমিনের দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেলে কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন কলেজের সামনে থেকে ডিবি ও সাদা পোশাকধারী চারজন ব্যক্তি শামীমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। নিখোঁজের ২০ দিন পর ওই বছরের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালি গ্রামের একটি শ্মশানঘাট এলাকা থেকে শামীমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
দীর্ঘদিন রাজনৈতিক ভয়ের কারণে মুখ খুলতে না পারলেও, দেশের পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেন নিহতের বাবা। মামলায় আওয়ামী লীগ নেতা মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।
নিহত শিবিরকর্মীর পরিবারের পাশে না দাঁড়িয়ে উল্টো হত্যামামলার আসামির বাড়িতে গিয়ে জামায়াতের এমপির এমন ভূরিভোজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রবীণ জামায়াত কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে লোকটির হাত আমাদের ভাইয়ের রক্তে রাঙা, তার মেয়ের বিয়েতে গিয়ে জামায়াতের এমপির প্লেটে খাবার তুলে নেওয়া অত্যন্ত লজ্জাজনক ও শহীদি রক্তের সাথে বেঈমানি।”
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব আত্মপক্ষ সমর্থন করে বলেন, “বগেরগাছি ইউনিয়নটি মূলত আমার নিজের এলাকা ও গ্রামের বাড়ি। গ্রামীণ সমাজ ও সামাজিক রীতিনীতির কারণে আমাকে সেখানে যেতে হয়েছে। তবে সামাজিকতার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওই হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মন্টুর নাম যেন যুক্ত করা হয়, তার তদারকি আমি নিজেই করেছি। ভুক্তভোগী পরিবার যাতে শতভাগ সঠিক বিচার পায়, সংসদ সদস্য হিসেবে তা আমি কঠোরভাবে নিশ্চিত করব।”
এ.আই.এল/সকালবেলা