
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশও বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটায় একটি ভবনে এই ঘটনা ঘটে। ঢাকার পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামেও দিনভর বিক্ষোভ চলার মধ্যেই নতুন এই ঘটনায় নগরজুড়ে উত্তেজনা আরও তীব্র রূপ নেয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, বিক্ষুব্ধ জনতা যে ভবনে অভিযুক্ত অবস্থান করছে বলে ধারণা করছে, সেটি ঘেরাও করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং পুলিশ কাজ করছে।