
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পড়াশোনার জন্য বাবা-মায়ের চাপ সৃষ্টি ও কথাকাটাকাটির জেরে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোছা. তাবাসসুম (১৩) ওই গ্রামের দেওয়ান খন্দকারের মেয়ে। সে স্থানীয় খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তাবাসসুমকে পড়াশোনার তাগিদ ও চাপ দেন তার বাবা-মা। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার সামান্য কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পরিবারের ওপর অভিমান করে সে নিজের ক্ষতিসাধন করে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় ও নিহতের সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।