
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকায় এক গৃহশিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় গুমের চেষ্টার ঘটনার মূল রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। এই লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রীর বাবা-মাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম, নিহত শিক্ষিকার এক জোড়া কানের দুল এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজন ইতিমধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি থেকে জানা যায়, নিহত মরিয়ম বেগম দীর্ঘ ৫ বছর ধরে প্রধান আসামি সুমাইয়া আক্তার সুমির মেয়েকে প্রাইভেট পড়াতেন। গত ১৮ মে সকালে তিনি প্রতিদিনের মতো সুমির বাসায় পড়াতে যান এবং ছেলের ল্যাপটপ কেনার জন্য কিছু টাকা ধার চান। সুমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মরিয়ম বেগম নিজের কানের দুল জোড়া বিক্রি করে টাকা এনে দেওয়ার অনুরোধ করেন। সুমি সেই দুল জোড়া নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেন এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ৫ হাজার টাকা খরচ করে ফেলেন।
একই দিন বিকেলে মরিয়ম বেগম পুনরায় সুমির বাড়িতে এসে দুল বিক্রির পুরো টাকা দাবি করলে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে সুমি ঘরের ভেতরে থাকা একটি কাঠের বাটাম দিয়ে মরিয়ম বেগমের মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন। মরিয়ম বেগম চিৎকার করতে গেলে সুমি তাঁর মুখ চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন।
হত্যাকাণ্ড ঘটানোর পর সুমি প্রথমে লাশটি রেক্সিন দিয়ে পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে রাখেন। পরবর্তী সময়ে লাশটি বের করে দুটি চটের বস্তায় ভরে পাশের লাকড়ি রাখার ঘরের পাশে পুরোনো কাপড় দিয়ে ঢেকে রাখেন। রাতে সুমি পুরো ঘটনাটি তাঁর স্বামী ও শ্বশুরকে জানালে তারাও লাশ গুমের প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
গত মঙ্গলবার (১৯ মে) ভোরে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ নামোশংকরবাটি চৌকাপাড়া গ্রামের সুমির বসতবাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক গুরুতর জখমের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় ও নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।