
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাগুরার আছিয়া কিংবা ঢাকার রামিসা—এই ধরনের প্রতিটি নৃশংস ঘটনা আমাদের সামগ্রিক মানবতাকে বারবার বড় ধরনের প্রশ্নবিদ্ধ করে। এ রকম জঘন্য অপরাধ কোনোভাবেই বিচারহীন বা আনচ্যালেঞ্জড থাকতে দেওয়া যাবে না।”
অতীতে মাগুরার আছিয়া হত্যা মামলায় মাত্র সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া এবং এক মাসের মধ্যে ট্রায়াল (বিচারিক কার্যক্রম) শেষ করার নজির মনে করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, “যদিও আছিয়ার মামলায় এখনো ফাঁসি কার্যকর হয়নি। রামিসার বাবা দেশের বিচার ব্যবস্থা নিয়ে যে চরম হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছেন, তার একমাত্র যোগ্য উত্তর হবে যদি আমরা এই পুরো বিচার প্রক্রিয়াটাকে ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারি। আমরা যদি তা না করতে পারি, তখন ওনার কথাই সত্য প্রমাণিত হবে। রামিসার বাবা যেটা বলেছেন, উনার জায়গা থেকে উনি যা অনুভব করেছেন—সেটা আমি বলব না যে উনি অমূলক বা ভুল কিছু বলেছেন।”
দেশের সামগ্রিক বিচার ব্যবস্থা নিয়ে আইনমন্ত্রী আরও বলেন, “বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে বিপুল মামলার জট রয়েছে, সেই জট সম্পূর্ণ নিরসনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নেব। রামিসার বিচার প্রক্রিয়াটায় আমরা আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করব। এখন থেকে কোনো ধরনের ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় বা তালিকায় আসতেই পারবে না।” মামলার গুরুত্ব অনুধাবন করে উচ্চ আদালতে দ্রুত পেপার বুক করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী জানান, তিনি ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আগামী এক সপ্তাহের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “বিচার প্রক্রিয়াকে অতি দ্রুত করতে পারলেই কেবল আমরা রামিসার বাবার তোলা যৌক্তিক প্রশ্নের সঠিক জবাব দিতে পারব। তবে রায় কার্যকর করাটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের এখতিয়ার, আমরা বিচার প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে পারি না।”
এসব অপরাধের ঘটনা আমাদের ঘুনেধরা সমাজের কথা মনে করিয়ে দেয় উল্লেখ করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে, কোনো রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এই মামলার বিচার বিশেষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। আমাদের প্রসিকিউশন টিম এই মামলাটি ‘ফাস্ট ট্র্যাকে’ (অগ্রাধিকার ভিত্তিতে) নেবে এবং আশা করি বিজ্ঞ আদালতও এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবেন।”
প্রসঙ্গ উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই বর্বরোচিত ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার লোমহর্ষক ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।
নিহত শিশু রামিসা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন এবং পরিবারটি দীর্ঘ ১৭ বছর ধরে পল্লবী এলাকায় সপরিবারে বসবাস করে আসছিলেন। একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে আহাজারি করতে থাকা সেই বাবার ক্ষোভের কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সেখানে ক্ষুব্ধ আবদুল হান্নান মোল্লাকে বলতে শোনা যায়, “আমি রাষ্ট্রের কাছে কিছুই চাই না। কারণ বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের (দ্রুত বা সঠিক বিচার করার) কোনো রেকর্ড নাই। আপনারা পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনারা কি কোনো এক্সাম্পল দাঁড় করাতে পারবেন? পারবেন না। এটা বড়জোর ১৫ দিন আলোচনা হবে, তারপর অন্য কোনো বড় ঘটনা এসে এটা ধামাচাপা পড়ে যাবে। শেষ এটা। আমার বয়স ৫৫ বছর, আমি সব দেখছি। দেশে এর কোনো এক্সাম্পল আছে? দিতে পারবেন?”
আজ সেই সন্তানহারা জনকের বুকফাটা আক্ষেপের জবাব দিয়েই দ্রুততম সময়ে বিচারের প্রতিশ্রুতি দিলেন দেশের আইনমন্ত্রী।
জান্নাত সকালাবেলা