
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা। আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতেই প্রতিপক্ষরা এই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ইউনিয়ন পরিষদটির সম্ভাব্য উন্নয়ন ও অবকাঠামোগত চাহিদার ভিত্তিতে একটি প্রস্তাবিত বাজেট পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠানো হয়। তবে সেই খসড়া বা সম্ভাব্য পরিকল্পনাটিকেই চূড়ান্তভাবে বাস্তবায়িত প্রকল্প হিসেবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে শুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। আমি শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার দায়িত্বকালে ইউনিয়ন পরিষদে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি।"
এদিকে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলা রাস্তাঘাট ও উন্নয়ন কাজের অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান পরিষদের সময়ে এলাকায় নিয়মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে। ব্যক্তিগত কোনো অনিয়ম তারা দেখেননি। স্থানীয় সচেতন মহলের মতে, সম্ভাব্য বাজেট পরিকল্পনা ও বাস্তবায়িত প্রকল্পের মধ্যকার পার্থক্য না বুঝে তথ্য ছড়ালে সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হয়। তাই যেকোনো তথ্য শেয়ারের আগে তা যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন তারা।