
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কটিয়াদী বাজারে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বস্ত্রপট্টি থেকে পাটপুট্টি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের দাবির মুখে এই সড়কটির টেকসই উন্নয়ন কাজ শুরু হওয়ায় পুরো বাজার এলাকায় স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
আজ বুধবার (২০ মে) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, যুবদলের সভাপতি মাসুদ, বণিক সমিতির সভাপতি ইলিয়াস আলী এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এই প্রকল্পের আওতায় কটিয়াদী বাজারের বস্ত্রপট্টি থেকে পাটপট্টি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করা হবে, যার মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করছে কিশোরগঞ্জ জেলা পরিষদ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের এই অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি সম্পন্ন হলে চলাচলের সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হবে। অনুষ্ঠানে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকেও পরিবেশ রক্ষায় ২৫টি গাছ লাগানোর আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়রা কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে এই প্রকল্প শেষ করার দাবি জানিয়েছেন।