
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও কফি হাউজের মাঝামাঝি স্থানে অবস্থিত একমাত্র লেকটি এখন চরম অযত্ন ও অবহেলার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের অন্যতম মূল আকর্ষণ হিসেবে পরিচিত এই দৃষ্টিনন্দন লেকটি বর্তমানে কচুরিপানা, জলজ আগাছা ও ময়লা-আবর্জনার দখলে চলে গেছে।
যেখানে একসময় স্বচ্ছ পানিতে ঝলমল করত লেকটি এবং চারপাশে বসে শিক্ষার্থীরা অবসর সময় কাটাতেন, সেখানে এখন কচুরিপানার কারণে পানিই দেখা যায় না। দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো লেকজুড়ে ময়লা পানি জমে মশা, পোকামাকড় ও বিষাক্ত সাপের উপদ্রব বাড়ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরির পাশাপাশি হুমকির মুখে পড়ছে লেকের মাছসহ জলজ জীববৈচিত্র্য। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শামীমা এবং সমাজবিজ্ঞান বিভাগের মাবরুল শেখ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্লাস-পরীক্ষার মানসিক ক্লান্তি দূর করার একমাত্র উন্মুক্ত স্থানটি প্রশাসনের দীর্ঘদিনের অবহেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে রূপ নিয়েছে। তারা দ্রুত লেকটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার নিজামুল হক চৌধুরী বলেন, কিছুদিন আগে চারপাশের ময়লা পরিষ্কার করা হলেও সামনের দিনে পদ্মফুল ফোটার আশায় ভেতরের অংশ পরিষ্কার করা হয়নি। তবে লেকের পানি অতিরিক্ত নোংরা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মালিরা পানিতে নেমে কাজ করতে চাচ্ছেন না। তিনি আরও জানান, লেকটি পুরোপুরি পরিষ্কারের জন্য উপাচার্যের কাছে বিশেষ বাজেট চেয়ে আবেদন করা হয়েছে। খুব শিগগিরই বাজেট পাওয়া গেলে বাইরে থেকে পেশাদার শ্রমিক এনে পদ্মফুলগুলো অক্ষত রেখে দ্রুত লেকটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।