
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে একটি বিশেষ ‘সর্বদলীয় সংসদীয় ককাস’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শেষে এই তথ্য জানা যায়।
সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে স্পিকার নাগরিক প্ল্যাটফর্মের প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং তা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়ার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘হাউজ অব দ্য পিপল’ বা জনগণের সংসদ হিসেবে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। রাষ্ট্রের মূল লক্ষ্যই হলো সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা। উন্নয়ন প্রক্রিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষায় সংসদে এই ধরনের একটি সর্বদলীয় জোট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বেসরকারি বিনিয়োগ এবং সুশাসন সংক্রান্ত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর বক্তব্যে বলেন, সমাজের একটি বড় অংশ কেবল এমনি এমনি পিছিয়ে পড়েনি; বরং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত ত্রুটির কারণে তাদের পদ্ধতিগতভাবে পিছিয়ে রাখা হয়েছে। তাই নীতিনির্ধারণী পর্যায়ে এই বৈষম্য দূরীকরণে এখন বাস্তবমুখী পদক্ষেপ প্রয়োজন। বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাগরিক রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ নাসিম মঞ্জুরসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।