
মো. ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কাস্টমসের জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আনুমানিক এক কোটি এক লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা ও জিরা বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গত রবিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল মাধবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন— সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং একই উপজেলার লক্ষীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি সন্দেহভাজন মিনি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা ২০০ বস্তা উচ্চমানের ভারতীয় জিরার সঙ্গে থাকা কাস্টমসের শুল্কায়নের কাগজপত্র (বিল অব এন্ট্রি/এক্সপোর্ট) প্রদর্শন করেন চালক। পরে বিজিবি সদস্যরা তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি সহযোগিতায় অনলাইনে যাচাই-বাছাই শেষে চালানপত্র ও সীলমোহর সম্বলিত কাগজগুলো সম্পূর্ণ জাল ও ভুয়া বলে নিশ্চিত হন।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, চোরাকারবারি ও অসাধু ব্যবসায়ীরা সম্প্রতি কাস্টমসের বৈধ কাগজপত্র হুবহু নকল ও জালিয়াতি করে একই ডকুমেন্ট ব্যবহার করে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ মালামাল দেশের অভ্যন্তরে পরিবহন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশির সময় এসব জাল কাগজ প্রদর্শনের মাধ্যমে তারা পার পেয়ে যাওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
বিজিবি আরও জানায়, জালিয়াতির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় অবৈধ জিরা, ট্রাক ও সংশ্লিষ্ট দুই আসামিকে আটক করা হয়। পরে জব্দকৃত কোটি টাকার মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট চোরাচালান ও জালিয়াতির ধারায় মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরকারের রাজস্ব সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা