দেশব্যাপী ডিজিটাল ও সহজতর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সরকারপ্রধান এই মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমির সব সেবা সহজীকরণ করা, সরকারের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ই-নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত সব আধুনিক ভূমি সেবা শতভাগ পৌঁছে দেওয়া।
এর আগে গতকাল সোমবার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা ও বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্রের দৌরাত্ম্য, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান প্রযুক্তি-বান্ধব সরকার সেই পুরোনো জরাজীর্ণ অবস্থা আমূল পরিবর্তন করে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছে।’
ভূমিমন্ত্রী আরও যোগ করেন, ‘আমরা চাই মানুষ যেন বিশ্বের যেকোনো প্রান্তে বা ঘরে বসেই নামজারি, খতিয়ান বা ভূমি উন্নয়ন কর প্রদানের মতো অধিকাংশ ভূমিসেবা সহজে পেতে পারে। সাধারণ নাগরিকরা যাতে ভূমি অফিসে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে দ্রুততম সময়ে সেবা নিতে পারেন, সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হয়েছে।’
জান্নাত/সকালবেলা